সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুর গলিত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরে নিখোঁজের ১৬ দিন পর হত্যাকারীর দেখানো স্থান থেকে প্রতিবন্ধী শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া খাল থেকে শিশু আবু বক্করের লাশ উদ্ধার করা হয়।

আবু বক্কর (৭) পুরাপাড়া ইউনিয়নের মেহেরদিয়া গ্রামের পাঁচু খলিফার ছোট ছেলে। সে মেহেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ছিল। গত ১ জুলাই সে নিখোঁজ হয়।

এর আগে বুধবার ভোরে (১৭ জুলাই) নিহত শিশু আবু বক্করের আপন চাচাতো ভাই একই গ্রামের মৃত টুকু খলিফার ছেলে কলেজ ছাত্র শাওন হোসেন দিনদারকে পুলিশ আটকের পর জিজ্ঞাসাবাদ করে। এ সময় শাওন আবু বক্করকে হত্যার কথা স্বীকার করে। পরে বুধবার দুপুরে শাওন এর দেখানো স্থান পুরাপাড়া খালের কচুরীপানার নিচ থেকে গলিত অবস্থায় আবু বক্করের লাশ উদ্ধার করে পুলিশ।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আবু বক্করকে হত্যার পর তার কাছে থাকা একটি মোবাইল ফোনের সিমকার্ড দিয়ে হত্যকারী শাওন ৩ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এরই সূত্র ধরে শাওনকে আটক করা হয়। নিখোঁজের পর আবু বক্করের পিতা বাদি হয়ে দায়ের করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে অর্ন্তভূক্ত হবে বলে জানান তিনি।

এদিকে নিহতের মা তাসলিমা বেগম জানান, হত্যাকারী শাওন পুরাপাড়া বাজারে চুরি করে ধরা পড়লে আমার স্বামী (নিহত শিশু আবু বক্করের পিতা) পাচু খলিফা ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে শাওনকে মুক্ত করে। আজ আমার ছেলেকে হত্যা করে এরই প্রতিদান দিল শাওন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com