বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনধিঃ
ফরিদপুরে আজ শনিবার নানা কর্মসূচিতে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ঘোষণা করা হয়। আজ সকালে শহরের স্বাধীনতা চত্বরে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি মু. আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া,পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান লুকমান হোসেন মৃধা,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর ,পৌর মেয়র শেখ মাহতাবআলী মেথু, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, প্রমুখ।এ জাতির জন্য এ বছরটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ বছরই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, বাঙালি জাতির হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। অতীতে দেশের ক্ষমতায় বিএনপি-জামায়াত ছিল। সেই সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিল না। তাই তখন দেশে বাঙালির সংস্কৃতিচর্চা বন্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করা হয়েছিল বলে মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এখন থেকেই প্রতিটি বাঙালির ঘরে ঘরে বর্তমান সরকারের উন্নয়নের সংবাদ পৌঁছে দিতে হবে। সকলেই ঐক্যবদ্ধ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে অংশ নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।স্থানীয় সরকার মন্ত্রী স্বাধীনতা চত্বরে সাত দিনের বৈশাখী মেলার উদ্বোধন করেন। পরে শহরের সরকারি রাজেন্দ্র কলেজে রুকসু আয়োজিত ও কলেজ মাঠে জেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী ।এ ছাড়া জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও বিকেলে ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়ানুষ্ঠানের আয়োজন রয়েছে।