সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ ফরিদপুরের কৃষ্ণনগরে ২৬ বছরের এক গৃহবধূ ধর্ষণের মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ওই গৃহবধূর পরিবার। এছাড়াও ওই গৃহবধূর পরিবারকে প্রকাশ্যে হত্যার হুঁমকি দিচ্ছে ধর্ষকরা।
মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ওই গৃহবধূর পরিবার অভিযোগ করে বলেন, গত (৬ জুলাই) শুক্রবার ফরিদপুর সদরের মাধবপুর গ্রামের জমির শেখের ছেলে পাভেল শেখ (২৮) জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে। এসময় স্থানীয় সন্ত্রাসী মোস্তফা ফকির (৩৪) ধর্ষণের সময় ওই ধর্ষককে সহযোগীতা করে বলে ওই পরিবার লিখিতভাবে সাংবাদিকদের জানান।
এব্যাপারে গত সোমবার (৯ জুলাই) ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ এর একটি ধর্ষণ মামলা রুজু করা হয়। এদিকে ধর্ষণের এ ঘটনা শোনার পরপরই ওই গৃহবধূর স্বামী তাকে তালাক দেয় বলে ওই গৃহবধূ জানায়।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানায়, মামলা দায়েরের পর থেকে আসামীরা মামলা তুলে নিতে হুঁমকি-ধামকি দিচ্ছে। এছাড়া আমাদের ঘরবাড়ি জ্বালাইয়া দিবে এবং আমাকে মেরে ফেলার হুঁমকি দিচ্ছে ধর্ষকরা। আমি ও আমার পরিবার সবসময় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।
গৃহবধূর বাবা বলেন, আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। তবুও অদৃশ্য কারণে পুলিশ তাদের আটক করছে না। এছাড়া মেয়েকে ধর্ষণের বিচার চাওয়ায় পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা গরীব মানুষ, আপনারা আমাদের বাঁচান।
এ মামলার এস,আই (তদন্ত কর্মকর্তা) মোঃ আরিফুজ্জামান বলেন, ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। এছাড়া আসামীদের দ্রুত গ্রেফতার করতে কাজ করে যাচ্ছে আমাদের টিম।