রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার ভাড়া বাসায় থাকা গৃহবধু রিনা বেগম (২২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। ওই গৃহবধুর স্বামী ট্রাক ড্রাইভার মো. হাসান পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত রিনা বেগম ফরিদপুরের সালথা উপজেলার কুমার পট্টি গ্রামের মো. শাহজাহান এর মেয়ে।
নয় বছর আগে একই উপজেলার রামকান্তপুর গ্রামের মো. হাসান এর সাথে তার বিয়ে হয়। রিনা বেগমের ৫ বছর বয়সী আনিতা ও ৩ বছর বয়সের তালহা নামের দুই সন্তান রয়েছে। বেশ কয়েক বছর তারা চরকমলাপুরে ভাড়া বাসায় বসবাস করছিল।
নিহতের ভাই মো. রাজীব জানায়, রিনা ও তার স্বামীর মধ্যে কলহ চলছিল। রাতে দুই পরিবারের লোকদের উপস্থিতিতে কলহ মিমাংসা করে সবাই নিজ নিজ বাসায় ঘুমাতে যায়। পরে সকালে খোঁজ নেওয়ার জন্য মা জোলেখা বেগম রিনার ঘরে গেলে ঘরের ভেতর রিনাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এসময় আশপাশের লোকজনের সহায়তায় রিনাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী হাসান পলাতক রয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।