রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালী উপজেলার পাড়আশাপুর গ্রামের কৃষক মো. মোস্তফা ফকিরের কিশোর ছেলে রনি ফকির (১৫) কে পুর্ব শত্রুতার জের ধরে এলোপাথারি কুপিয়ে জখমকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী।
সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা। আহত রনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের পিতা মো. মোস্তফা জানান, গত ১ নভেম্বর ওই কিশোর হাজীরটেক মাঠে কাজ করতে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আলিম শেখ, ইমরুল শেখ, আকবার শেখ, আয়ুব ফকির ও ইমরান ফকির কিশোর রনি ফকিরের উপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রনির মাথার পেছনে, ঘাড়ে ও হাতে মারাত্বক জখম হয়। এ ঘটনায় ফরিদপুুরের মধুখালী থানায় একটি মামলা হয়েছে।
এদিকে মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা বাদী ও তার পরিবারের সদস্যদেরকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন মো. মোস্তফা।