শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ফরিদপুরে করোনায় নতুন করে ৫৩ জন সহ মোট শনাক্ত ৬৬৮

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় উপজেলা ভাইস চেয়ারম্যান, চিকিৎসক, সাত পুলিশ সদস্য এবং ব্যাংক কর্মকর্তাসহ আরও ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬৬৮জন।

বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে এ তথ্য জানা গেছে।

করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক মোল্লা (৫৫)। তিনি ভাঙ্গা উপজেলা সদরের কাফুরিয়া সদরদীর বাসিন্দা। নতুন করে শনাক্তের মধ্যে রয়েছে এক নারী পুলিশসহ সাত জন পুলিশ সদস্য। এছাড়া আক্রান্ত হয়েছে এক পুলিশ সদস্যের স্ত্রী। আক্রান্ত হয়েছেন সোনালী ব্যংকের এক কর্মকর্তা। এছাড়া ফরিদপুরের শিশু হাসপাতালের এক চিকিৎসকের করোনাভাইরাস সনাক্ত হয়েছে।

ফরিদপুরে নতুন করে যে ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ভাঙ্গায় ২৩, সদরে ১৫, বোয়ালমারীতে ১০ এবং চরভদ্রাসন ও সালথায় ২জন করে। আক্রান্তদের মধ্যে ১৯ জন নারী ও ৩৩ জন পুরুষ। ফরিদপুরে নতুন করে যে ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তার মধ্যে ৫ থেকে ২০ বছরের বয়সী রয়েছে ৬ জন, ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে আছেন ২৩ জন, ৪১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১৯ জন এবং ৬০ বছরের উর্ধে আছেন ৪ জন। এর মধ্যে ৯০ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন। তার বাড়ি ভাঙ্গা উপজেলার একটি গ্রামে।

ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, বুধবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৮৪ জনের। এর মধ্যে ফরিদপুরে ছয়জন পুরনোসহ ৫৮ জন, এছাড়া রাজবাড়ীর দুই এবং ফলোআপসহ গোপালগঞ্জের ২৪।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ভাঙ্গা, ফরিদপুর সদর, বোয়ালমারী, সালথা ও চরভদ্রাসনে গত ২৪ ঘন্টায় নতুন করে যে ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, আক্রান্তদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাদের ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থনান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com