রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই খালাতো বোনকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে আহতদের স্বজন ও স্থানীয়রা। আহত ওই দুই বোন এখন ফরিদপুর মেডিকেল হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ঘন্টাব্যাপী বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবী জানানো হয়। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে আহাম্মেদুল বারী বাবুল, আক্তারুজ্জামান, অধ্যাপক শওকত আলী, লিয়াকত আলী, শওকত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, গত ১৯ আগষ্ট রাতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আরশাদ মুন্সীর ডাঙ্গী গ্রামে রোজিনা খাতুনের বাড়িতে আগুন দেয় প্রতিপক্ষ। আগুনে ওই বাড়ীতে বেড়াতে আসা তার দুই মেয়ের কন্যা অগ্নিদগ্ধ হয়। এরা হলেন- রওশনারা মেয়ে মমতাজ(১৯) ও রেহেনার মেয়ে রত্না (১২) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। ওই সময়ে স্থানীয় মাতুব্বররা চিকিৎসার ব্যবস্থা করা হবে জানিয়ে মামলা করতে বাধা দেয়। কিন্তু তারা চিকিৎসার কোন ব্যবস্থাই নেয়নি।
ভুক্তভোগীরা ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি হলেও অর্থাভাবে সেখান থেকে চলে এসে ফরিদপুর মেডিকেলে ভর্তি হয়। এখনো আহত ওই দুই বোন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় গত ১০ অক্টোবর রওশনারা বাদী হয়ে ওই এলাকার মো. ওয়াজদ্দিন মীর, আ. হালিম মীর, জাহাঙ্গীর মীর, মুরাদ হোসেন মীর, মো. ফজল মীর, মো. জোহরুদ্দীন মীর ও মো. ইউনুস মীরকে আসামী করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। কিন্তু আজ পর্যন্ত পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি।