রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকায় আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলা চালানোর ঘটনার মামলার রায়কে স্বাগত জানিয়ে ফরিদপুরে আওয়ামীলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল মিষ্টি বিতরন করেছে দলটির নেতাকর্মিরা।
বুধবার দুপুরে রায় ঘোষনা হওয়ার সাথে সাথে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স্বপন পাল, অ্যাড. জাহিদ ব্যাপারী প্রমুখ। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।
উল্লেখ্য, মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ৪৯ আসামির মধ্যে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ বুধবার রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালত এ রায় দেন।