শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ফরিদপুরে অন্তঃসত্বা গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের নগরকান্দায় অন্তঃসত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরকান্দা উপজেলা হাসপাতাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। গৃহবধু নগরকান্দা পৌর এলাকার বালিয়া গ্রামের কামরুল আলমের ২য় স্ত্রী মুক্তি আক্তার (২৫)।

জানা গেছে, কামরুল চার মাস পূর্বে পৌর এলাকার মিরাকান্দা গ্রামের বিল্লাল ফকিরের মেয়ে মুক্তি আক্তারকে পরিবারের অজান্তে বিয়ে করেন। এতে কামরুলের প্রথম স্ত্রী মেনে না নেওয়ায় মুক্তিকে নিজ বাড়ীতে স্থান দিতে পারেননি। কামরুল মুক্তিকে নিয়ে বিভিন্ন জায়গায় অস্থায়ী ভাবে অবস্থান করতেন। গত ৫ দিন আগে উপজেলার চাঁদহাট গ্রামের কামরুলের খালাতো ভাই ফরিদ মুন্সীর বাড়ীতে বেড়াতে যায়। বুধবার দিবাগত রাত ১০টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুঁলে আত্মহত্যা করে মুক্তি।

মুক্তির বাবা বিল্লাল ফকির অভিযোগ করে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি ওকে হত্যা করা হয়েছে। মুক্তি ২ মাসের অন্তঃসত্বা বলে জানান তিনি। বাড়ীর মালিক ফরিদ মুন্সী বলেন, রাতের খাবার শেষে দক্ষিণ পাশের ঘরে দুজনকে ঘুমাতে দেই। রাত ১০টার দিকে হঠাৎ কামরুল চিৎকার দিয়ে বলে মুক্তি গলায় ওড়না পেঁচিতে ঝুলছে। দ্রুত ঘরে গিয়ে মুক্তিকে নীচে নামিয়ে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com