বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত, আহত ১

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র গুলিতে বাবুল মিয়া (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী কালিগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাইফুল ইসলাম নামে আরেকজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তিনি পুর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের গোলজার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুজনেই মঙ্গলবার সকালে তিস্তা নদীর চরের ওপারেই পাটগ্রামের দহগ্রাম সীমান্তে ঘাস খাওয়ানোর জন্য গেলে বিএসএফ তাদের উপর গুলি চালায়। নিহত যুবক বাবুল মিয়া সেখানে মাটিতে পড়ে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। নিহত বাবুলের মা রুবিনা বেগম বলেন, ‘সকালে বাবুল গরু নিয়ে গেলে সে আর ফিরে আসেনি। লোকদের কাছে জানতে পেরেছি বাবুলকে বিএসএফ গুলি করে হত্যা করেছে।’

এ বিষয়ে বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন শেখ বলেন, ‘বিএসএফের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছে বলে শুনেছি। পরে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি।’ নিহত বাবুলের মরদেহ ও আহত সাইফুলকে বিএসএফ নিয়ে গেছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com