শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল ইসলাম (৩০) নামে এক গরু ব্যবসায়ি নিহত হয়েছেন।
শনিবার (২ ফেব্রুয়ারী) ভোররাতে পাটগ্রামের ম্যাচেরঘাট সীমান্তের ৮০৩নং মেইন পিলারের কাছে বিএসএফ এর গুলিতে নিহত হন আসাদুল ইসলাম। নিহত আসাদুল ইসলাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার নাউয়ার ভিটা গ্রামের কাদমার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশি একটি চোরাকারবারি দল উপজেলার বাউরা ইউনিয়নের পাশ দিয়ে বহে চলা সানিয়াজান নদীর ভারতীয় অংশের পাশে ভারতীয় সীমান্তের কাঁটাতার সংলগ্ন এলাকায় গরু পারাপার করতে গেলে ভারতের কুচলিবাড়ি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা দলটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আসাদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে ৮টি গরু ও আসাদুলের মরদেহ ভারতে নিয়ে যান।
রংপুর ৫১ বিজিবির লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাংলাদেশির মরদেহ ফেরতের জন্য বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। বাউরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল আসাদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আসাদুল তার ইউনিয়নের বাসিন্দা।