শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবি আদায়ে সারাদেশে ডাকা ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট রোববার সকাল থেকে শুরু হয়। পরিবহন শ্রমিকদের ডাকা এই ধর্মঘটের কারণে লালমনিরহাটসহ সারাদেশে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তি এবং বিপাকে পড়েছেন লালমনিরহাটের সাধারণ যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
এদিকে, রোববার সারাদিন এবং সোমবার সকাল থেকেই লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে বিশেষ করে বাস টার্মিনালগুলোর আশপাশে ধর্মঘটের সমর্থনে পরিবহন শ্রমিকদের বিশেষ আচরণ চোখে পড়ে। বিশেষ করে লালমনিরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলায় তারা দলবদ্ধভাবে প্রাইভেটকার, অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচলে বাঁধা সৃষ্টি করে। ফলে অফিসগামী চাকরিজীবী ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরে পন্য আমদানী রফতানী স্বাভাবিক থাকলেও পাটগ্রাম-লালমনিরহাট-রংপুর মহাসড়কে কোনো যানবাহন চলেনি। শুধু মাত্র দু’একটা ব্যাটারি চালিত রিকশাভ্যান চললেও সেগুলো বিভিন্ন এলাকায় যাত্রীদের নামিয়ে দিচ্ছে। যানবাহন না পেয়ে এ সময় শত শত মানুষকে পায়ে হেঁটেই নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।
এদিকে সারাদেশে পরিবহন ধর্মঘট চলার কারনে লালমনিরহাট রেল স্টেশনে সাধারন যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।