শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥
চলমান যুদ্ধ পরিস্থিতির অজুহাতে পবিত্র আল আকসা মসজিদে রমজান মাসের তৃতীয় জুমার নামাজ আদায়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একইসঙ্গে পবিত্র নগরী জেরুজালেমের সমস্ত ধর্মীয় স্থাপনাও বন্ধ ঘোষণা করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এই নির্দেশনার কথা জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। চলতি রমজান মাসে এবারই প্রথম এ ধরনের কঠোর ও নজিরবিহীন সিদ্ধান্ত নিল দেশটি।
এর আগে রমজানের প্রথম দুই জুমায় হাজার হাজার ফিলিস্তিনি প্রতিকূলতা পেরিয়ে আল আকসা প্রাঙ্গণে নামাজ আদায় করেছিলেন। উল্লেখ্য যে, এ বছরের রমজানে পশ্চিম তীর থেকে সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে আল আকসায় নামাজ পড়ার অনুমতি দেওয়ার কথা জানিয়েছিল ইসরায়েল। তবে তৃতীয় জুমার আগেই সেই অবস্থান থেকে সরে এসে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ বিশ্বের মুসলমানদের কাছে অন্যতম সম্মানিত ও পবিত্র স্থান। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে এই অঞ্চলটি ইসরায়েলি দখলে রয়েছে, যা নিয়ে দীর্ঘকাল ধরে উত্তেজনা বিরাজ করছে। বর্তমান যুদ্ধাবস্থায় এই নতুন নিষেধাজ্ঞা ওই অঞ্চলে ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।