মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

নির্বাচনের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ক্যাম্প-প্রচার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণকে স্বচ্ছ ও সুষ্ঠু করার লক্ষ্যে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে কোনো প্রার্থী বা তাদের সমর্থক নির্বাচনী ক্যাম্প স্থাপন এবং প্রচার কার্যক্রম চালাতে পারবেন না।

এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন একটি পরিপত্র জারি করেছেন, যা ইতোমধ্যেই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, ভোটারদের গোপনীয়তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকক্ষে নির্ধারিত কক্ষ অনুযায়ী গোপন কক্ষ বা মার্কিং প্লেস স্থাপন করতে হবে। কক্ষগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে ভোটদানের সময় ভোটারের পছন্দ সম্পূর্ণ গোপন থাকে। জানালা বা উন্মুক্ত স্থান থাকলে তা বন্ধ রাখতে হবে।

এদিনে ভোটারদের দুটি ব্যালটে ভোট দেওয়ার কারণে প্রতিটি ভোটকক্ষে সম্ভব হলে দুটি গোপন কক্ষ রাখা হবে। যেখানে সম্ভব হবে না, সেখানে অতিরিক্ত ভোটকক্ষ স্থাপন করতে হবে।

বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা বিবেচনায় ভোটকেন্দ্রে বিকল্প আলোর ব্যবস্থা রাখতে হবে। ভোটকক্ষে শুধুমাত্র স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা যাবে। প্রতিটি ভোটকক্ষের জন্য একটি এবং অতিরিক্ত হিসেবে একটি ব্যালট বাক্স রাখা বাধ্যতামূলক। ভোটগ্রহণ চলাকালীন কোনো ব্যালট বাক্স পূর্ণ হলে তা পঞ্চম লক দিয়ে সিল করে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো প্রার্থী বা সমর্থক নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না। এছাড়া পোস্টার, লিফলেট বা যেকোনো ধরনের প্রচারপত্র ভোটগ্রহণ শুরুর আগেই সরিয়ে ফেলতে হবে। ভোটের দিন ভোটারদের কেন্দ্রে আনার জন্য প্রার্থী বা তাদের পক্ষে কোনো যানবাহন ব্যবহার করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com