সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
দোহারে পদ্মায় বজ্রপাতে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহারের মৈনটে পদ্মায় মাছ শিকারের সময় বজ্রপাতে গাজী মোল্লা (৩৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছে।
রোববার সকাল ১১ টার দিকে মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ শিকারের সময় এ ঘটনা ঘটে। এসময় গাজীর সাথে থাকা আরেক জেলে আয়ুব সুস্থ আছে বলে জানা যায়।
মৈনটঘাটের মাছ আড়তদার ঝিলুর রহমান জানান, হঠাৎ সকাল ১১টার পরে খবর আসে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে পানিতে পরে জেলে গাজী মোল্লা নিখোঁজ হয়েছে। তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের সহায়তায় আমরা পদ্মা নদীতে ঘটনাস্থলে পৌঁছাই। বজ্রপাতে নৌকার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে যা দেখতে পাই। তারপর দোহার ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে ডুবুরি দল এসে এখনো উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঢাকার দোহারের মৈনটে পদ্মায় মাছ শিকারের সময় বজ্রপাতে গাজী মোল্লা (৩৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছে।
আইয়ুব জানায়, মাছ ধরার সময় দুই জেলে গাজী মোল্লা ও আয়ুব নৌকার দুপ্রান্তে বসা ছিলো এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ গাজীর প্রান্তে বিকট শব্দে বজ্রপাত আঘাত করলে গাজী পানিতে পরে গেলে তাঁকে আর পাওয়া যায়নি। নিখোঁজ জেলে গাজী ও আয়ুব সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার বাসিন্দা। তাঁরা দীর্ঘদিন ধরে দোহারের পদ্মা নদীতে মাছ শিকার করে মৈনট আড়তে বিক্রি করে।
কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। তাঁরা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সাথে উদ্ধারে কাজ করে যাচ্ছে। তবে এখনো কোনো সন্ধান মিলেনি।