মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

দোহারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হরিণ প্রতীকের প্রার্থী অন্তরা হুদার এজেন্ট ফারুক মোল্লাকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা-১ আসনের দোহার উপজেলার কুসুমহাটিতে কম্বল বিতরণের কারণে এ ঘটনা ঘটেছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তাসফিক সিবগাত উল্লাহর ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিণ প্রতীকের প্রার্থী এডভোকেট অন্তরা হুদার দোহারের কুসুমহাটি ইউনিয়নের আরিতা গ্রামে তার এজেন্ট ফারুক মোল্লার বাড়িতে লোক মারফত কম্বল পাঠায়। এ খবর পেয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিবগাত উল্লাহর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও কম্বল জব্দ করে নিয়ে যায়।

এ বিষয়ে ফারুক মোল্লা বলেন, অন্তরা হুদার বাবা নাজমুল হুদার সাথে আমার ভাল সম্পর্ক ছিলো, তাই আমার কাছে কম্বল পাঠিয়েছে। আমি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, সারাজীবন বিএনপিই করেছি।

এ বিষয়ে জানতে অন্তরা হুদাকে ফোন দেয়া হলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, দলের কেউ শৃঙ্খলা ভংগ করলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।

দোহার উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তাসফিক সিবগাত উল্লাহ বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে একজনকে সতর্ক করে জরিমানা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার প্রধান নিবার্চনী সমন্বয়ক আক্কাস আলী খানকে তারঁ মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। ক্ষুদেবার্তা পাঠালেও কোনো সাড়া মিলেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com