বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের হাতীবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলক (মুরাল) নির্মাণ নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। ৪ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের ৯ মাস পেরিয়ে গেলেও আজ পর্যন্ত শুরু হয়নি নির্মাণ কাজ। বঙ্গবন্ধুর স্মৃতি ফলক নির্মাণ নিয়ে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। ফলে সোমবার বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি মুলক সভায় এ নিয়ে উপস্থিত মুক্তিযোদ্ধাসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রোকুনুজ্জামান সোহেল বলেন, গত বছরের ২ নভেম্বর হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলক (মুরাল) নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। এর আগে তিনি বড়খাতা দোয়ানী মোড় এলাকায় আরো একটি স্মৃতি ফলক (মুরাল) নিমার্ণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কিন্তু গত ৯ মাস অতিবাহিত হলেও বঙ্গবন্ধুর মুরাল নির্মাণ কাজ শুরু হয়নি। আমরা জানতে পেয়েছি অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু কি কারণে এখন পর্যন্ত নির্মাণ কাজ শুরু হয়নি তা জানি না।
লালমনিরহাট জেলা পরিষদ সদস্য আব্দুস ছামাদ জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরে হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোয়ানী মোড় ও মেডিকেল মোড় এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল। পরে জানতে পারি মুরাল নির্মাণের প্রকল্পটি এ বছরের বাস্তবায়নের কার্য তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে মুরাল নির্মাণের জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক জানান, স্বাধীনতার ৪ যুগেও আমরা স্বাধীনতার মহা নায়ক বঙ্গবন্ধু’র মুরাল নির্মাণ করতে পারি নাই এটা লজ্জাজনক বিষয়। আমরা দ্রুত সময়ের মধ্যে বঙ্গবন্ধু’র একটি মুরাল নির্মাণের দাবী করছি। হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলক (মুরাল) নির্মাণের জন্য কিছু অর্থ বরাদ্দ হয়েছে ওই টাকায় নির্মাণ সম্ভব নয় বলে টাকা তুলে রাখা হয়েছে। আরো বরাদ্দ এলে নির্মাণ কাজ শুরু হবে।
লালমনিরহাট জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল কাদের জানান, জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোয়ানী মোড় ও মেডিকেল মোড় এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলক নির্মাণের উদ্যেগ নেয় জেলা পরিষদ। ওই দুইটি স্মৃতি ফলক (মুরাল) নির্মাণে ব্যয় ধরা হয় ৪ লক্ষ টাকা। কিন্তু মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এখন পর্যন্ত নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর মুরাল নির্মাণের প্রকল্পের নামে কোনো টাকা উত্তোলন করা হয়নি।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলক (মুরাল) নির্মাণ না হওয়ার বিষয়টি দুঃখ জনক। কি কারণে এখনো বঙ্গবন্ধুর মুরাল তৈরী হয়নি তা আমার জানা নাই। দ্রুত সময়ের মধ্যে মুরাল তৈরীর ব্যবস্থা গ্রহন করা হবে।