বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক:: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যে শূন্যতা রয়েছে, তা পূরণ হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, দেশে বাস্তব অর্থেই একটি রাজনৈতিক শূন্যতা বিদ্যমান। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণের সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আজ দেশে ফেরেন তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট পৌঁছায়। সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৩৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, তিনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। তার দেশে ফেরা রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশ বর্তমানে একটি ‘গণতান্ত্রিক উত্তরণ’-এর মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমানের প্রত্যাবর্তনে এই উত্তরণ প্রক্রিয়া আরও মসৃণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, তার নিরাপত্তার বিষয়টি বিএনপি দেখভাল করছে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ বিশ্বাস ও আচার নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন এটাই সত্যিকারের গণতন্ত্রের অন্যতম লক্ষ্য।