শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ঢাকা থেকে হারিয়ে যাওয়া সিটি গ্রুপের এক ট্রাক তীর মার্কা সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে।
গতকাল রবিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বেরি হাটবাজারে অবস্থিত ব্যবসায়ী প্রতিষ্ঠান ইমরান এন্টারপ্রাইজের গোডাউন থেকে এ তেল উদ্ধার করেছে পুলিশ।
ইমরান এন্টারপ্রাইজের মালিক ইমরান হোসেন সিকদার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামের আফজাল সিকদারের ছেলে।
ঢাকা জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির সহ-সভাপতি ও মোমিন ট্রান্সপোর্টের প্রতিনিধি মাহমুদ আহমেদ জিয়া জানান, গত ৪ জানুয়ারি রাত বারোটার দিকে নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত সিটি গ্রুপের কারখানা থেকে মোমিন ট্রান্সপোর্টের মালিকানাধীন কার্গো ট্রাকে করে ১৮ লক্ষাধিক টাকার ৮৪১ কার্টুন তীর মার্কা সয়াবিন তেল সুনামগঞ্জ পাঠানো হয়। ট্রাক ও তেল সুনামগঞ্জ না যাওয়ায় এবং ট্রাকের মালিক চালককে খুঁজে না পেয়ে গত ৭ জানুয়ারি তিনি তেজগাঁও শিল্প থানায় জিডি করেন। ওই দিন বিকেলে নিখোঁজ ট্রাকটি ঢাকার হেমায়েতপুরের একটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এরপর গোপন সূত্রে খবর পেয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বেরির হাটবাজারে অবস্থিত ইমরান এন্টারপ্রাইজের গোডাউন থেকে রবিবার সন্ধ্যায় খোয়া যাওয়া তেল উদ্ধার করে আলফাডাঙ্গা থানা পুলিশ। পুলিশ তেল, তেলবহনকারী ট্রাক উদ্ধার করতে পারলেও ট্রাক চালক ও সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ইমরান হোসেন সিকদারের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে পরে কথা বলবে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তার মুঠোফোনে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
তেল উদ্ধারকারী আলফাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মাল জব্দ করে থানায় নেওয়া হয়েছে।ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।