বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরে অভিযান পরিচালনা করে মোস্তাফা বেকারী নামের এক বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (৪ মার্চ) বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
বুধবার জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের বিভিন্ন ইফতার সামগ্রীর দোকান, কাপড়ের দোকান ও খাবারের দোকান, বেকারীতে অভিযান চালানো হয়। অভিযানকালে নান্দিনা বাজারে বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানের বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ ইফতার তৈরির বিভিন্ন কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়।

এ সময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপদানের উপস্থিতি পরীক্ষা করা হয়। এ সময় মোস্তফা বেকারীতে মেয়াদ ও লেবেলবিহীন খাদ্যপণ্য, মেয়াদ বিহীন দই, অননুমোদিত রং, অতিরিক্ত মেয়াদে লেবেল লেখা ইত্যাদি কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাসজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম।