মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল বলেছেন, জাতীয় পার্টি ছাড়া কোন দল ক্ষমতায় আসতে পারবে না। এই জাতীয় পার্টি আছে বলেই বিএনপি ক্ষমতায় ছিলো। আর এই এরশাদের জাপা’র জন্যই আ’লীগ ক্ষমতায় টিকে আছে।
মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় দলগ্রাম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে দলগ্রাম ইউনিয়ন জাপা’র আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এরশাদকে জেলে যেতে হয়েছিলো বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য। আজ সেই খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করার জন্য আজ জেলে। জাপা দীর্ঘ ২৮ বছর ধরে ক্ষমতার বাইরে আছে, এই ২৮ বছর যদি বিএনপি ক্ষমতার বাইরে থাকে তাহলে সেই বিএনপি’র কোন অস্থিত্ব খুজে পাওয়া যাবেনা। তিনি আরও বলেন, এরশাদ ক্ষমতায় থাকাকালীন যত উন্নয়ন ও সংস্কার হয়েছে। বর্তমান সরকার ও বিএনপির আমলে তার বিন্দু মাত্র হয়নি। কারন এরশাদ তার নিজের স্বার্থে কোন রাজনীতি করেননি। তিনি শুধু দেশের মানুষের উন্নয়নের কথা ভেবেছে। তাই দেশের মানুষ আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে এরশাদকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে।
দলগ্রাম ইউনিয়ন জাপা’র আহবায়ক আখেরুজ্জামান স্বাধীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাপা’র সভাপতি ডাঃ নাজির হোসেন আহমেদ, সম্পাদক বিধান চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সবুজ প্রমূখ।
উপজেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাকুর ইসলাম রাজ্জাকের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, জাপা নেতা সাবেক প্রধান শিক্ষক জাহেদুল আলম, জাতীয় যুবসংহতি সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, জাতীয় কৃষক পার্টির সভাপতি আব্দুল কাদের, দলগ্রাম ইউনিয়ন জাপার যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক, যুগ্ম আহবায়ক আকরাম হোসেন কাবলো, জাতীয় ছাত্রসমাজের সভাপতি আরিফুল ইসলাম। এর আগে রাত ৯টায় উপজেলার কালভৈরব বাজারের অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয় ও দলগ্রাম বাজারে ইউনিয়ন জাপা দলীয় কার্যালয় উদ্বোধন করেন।