সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

চিলমারী নৌ-বন্দর সচল করা হবে

লালমনিরহাট প্রতিনিধি॥
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সালাম বলেছেন, দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনে খরচ কমাতে আবারও নৌ-পথগুলো চালু করতে নদী খনন করা হবে। নীলফামারী চিলাহাটি স্থলবন্দর ও কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর সচল করা হবে।
শুক্রবার বিকালে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারীগণের সাথে স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সালাম আরো বলেন, বুড়িমারী স্থলবন্দর থেকে ট্রেনে স্বল্প খরচে পণ্য পরিবহনের জন্য গাইবান্ধা-জামালপুর বাহাদুরাবাদ নৌ-পথ খনন করা হবে। আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখতে ৫ কিলোমিটার চারলেন করা হবে। উভয় দেশের গাড়ী চলাচল স্বাভাবিক করতে চালকদের পাশাপাশি সহকারী চালক গমনাগমন নিশ্চিত করা হবে। স্থলবন্দরে আন্তর্জাতিক ট্রাক টার্মিনাল নির্মাণে জমি অধিগ্রহণ ও বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাট রেলওয়ে লাইন ব্রডগেজ নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলম, কাস্টমসের সহকারী কমিশনার (এসি) আল আমিন, বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ডিডি) মনিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার(বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী তাহাজুল ইসলাম মিঠু ও বুড়িমারী ইউপি চেয়ারম্যান আমদানি কারক ব্যবসায়ী শাহ নেওয়াজ নিশাত প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com