রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি॥ হিন্দু সম্পদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা পালনে চরভদ্রাসনে চলছে ব্যাপক প্রস্তুতি। পুরোদমে দূর্গা পূজার প্রস্তুতি চলায় উপজেলার সর্বত্র সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে। প্রতিটি পূজামন্ডপে প্রতিমা তৈরীর কাজে দিন রাত ব্যস্ত সময় পার করে চলেছেন মৃৎ শিল্পীরা।
সরেজমিনে, রবিবার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপগুলো ঘুরে দেখা যায়, পূজা পালনে এবছর উপজেলার মোট ১৭টি পূজামন্ডপে পূজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে।
উপজেলা পূজা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ টিকদার জানান, এবছর আজ থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর পর্যন্ত অনষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা। উপজেলা ত্রান অধিদপ্তর সূত্র থেকে জানা যায়, এবছর উপজেলায় শারদীয় দূর্গা পূজা উদযাপনের লক্ষে প্রতিটি পূজামন্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল দেয়া হয়েছে।
থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ জানান, এবছর উপজেলায় শারদীয় দূর্গা পূজা উৎসবমূখর পরিবেশে ও শান্তিপূর্ন ভাবে পালনের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপে আনছার বাহিনীর পাশাপাশি পুলিশের ফোকাল ও ভ্রাম্যমাণ টহল অব্যাহত থাকবে। এছাড়া উপজেলায় পূজা চলাকালীন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগের সাথে আমাদের সিনিয়র অফিসারের কথা হয়েছে বলেও জানান তিনি।