সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধি::
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরে হামলা চালিয়ে ভাংচুরের প্রতিবাদ ও মন্দির পুন:স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
শিক্ষক শংকর চন্দ্র মন্ডল এর নেতৃত্বে সোমবার (২০ মে) চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে মানববন্ধনকারীরা চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার মাধ্যমে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক শংকর চন্দ্র মন্ডল বলেন, মন্দিরের নামে আমি ও আমার ভাই হরিপদ মন্ডল তিন শতাংশ জমি দান করে দিয়েছি, সেই জমিতে থাকা মন্দিরে প্রতিপক্ষ সুরেশ চন্দ্র মন্ডলের নেতৃত্বে হামলা চালিয়ে মন্দির ভাংচুর করে উক্ত মন্দিরের জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। মানববন্ধনে অংশ নেয়া শংকর মন্ডলসহ আরো অন্যান্যরা জানান, প্রায় ১৫ বছর ধরে ওই মন্দিরে এলাকাবাসী দুর্গাপুজা করে আসছিল।
উল্লেখ্য, গত ৪ মে শনিবার সন্ধ্যায় দূর্গা মন্দির নিয়ে উপজেলার মাথাভাঙ্গা গ্রাামে স্থানীয় দু’পক্ষের সংঘর্ষে আহত হয় ৯ জন। এ ঘটনায় দু’পক্ষ থেকে দুটি মামলা করা হয়। মন্দির রক্ষা পক্ষ থেকে শিক্ষক শংকর চন্দ্র মন্ডল বাদী হয়ে একটি মামলা করেছেন এবং প্রতিপক্ষ সুশিল চন্দ্র মন্ডল বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।