শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

চরভদ্রাসনে পদ্মায় ভাঙন, হুমকির মুখে স্কুল ও বাড়িঘর

মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ছবুল্যা শিকদারের ডাঙ্গী গ্রামে পদ্মার তীব্র ভাঙনে স্কুল ও বাড়িঘরসহ কয়েক একর ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

সরেজমিনে শনিবার দুপুরে ভাঙনকবলিত পদ্মা পাড়ে গিয়ে দেখা যায়, পদ্মা পাড়ের উক্ত গ্রামে মাথায় বড় একটি ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ফাটল ভেঙে পড়ে স্কুলসহ অর্ধশত বাড়িঘর পদ্মা গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

এলাকাবাসীরা জানান, এভাবে ভাঙন অব্যাহত থাকলে যেকোনো সময় এই গ্রামের বাড়িঘর, গাছপালা, ফসলী জমি ও শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাবে। তাদের অভিযোগ, ভাঙন রোধে এখনো স্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড।

ওই ওয়ার্ডের ইউপি’ মেম্বার মো. ছালাম ফকির জানান, গত দুই সপ্তাহ আগে পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসে ভাঙন পরিদর্শন করে গেলেও এখনো তারা ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহন করে নাই। তিনি বলেন, আমি ভাঙনের ব্যাপারে জানাতে ইউএনও স্যারকে ফোনে চেষ্টা করে তাকে পাইনি। পরে আমি পিআইও স্যারকে ভাঙনের বিষয়টি জানিয়েছি। তিনি আরো জানান, ভাঙনকবলিত গ্রামে গত বছর প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রামের শেষ পদ্মা পর্যন্ত ভাঙন প্রতিরোধে ছয় হাজার বালির বস্তা বরাদ্ধ থাকলেও ২৭শ’ বস্তা ফেলে বাকি বস্তা গুলো তারা অন্য জায়গায় নিয়ে যায়। গত বছর যদি এখানে সব বস্তাগুলি ফেলতো তাহলে, এবছর এখানে এতোটা পদ্মায় ভাঙতো না বলে তিনি জানান। এভাবে ভাঙতে থাকলে খুব দ্রুত স্কুল সহ অন্যান্য বাড়িঘরগুলো পদ্মায় বিলীন হয়ে যাবে। তিনি এসময় ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

উক্ত গ্রামের বাসিন্দা মানিক জানান, গত রাতে আমার বসতভিটে পদ্মায় বিলীন হয়ে গেছে। এখন আমি পরিবার নিয়ে রাস্তার ওপর ঘর বানিয়ে মানবেতর জীবন যাপন করছি। ছবুল্যা শিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দারা জানান, আমরা রাতে ঘুমাতে পারিনা। পদ্মার ভাঙনে আমরা দিশেহারা হয়ে পড়েছি। কখন যেন আমাদের পুরো গ্রামটাই পদ্মা গর্ভে বিলীন হয়ে যায়।

এব্যাপারে জানতে চেয়ে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা’র সাথে কোনো যোগাযোগ করা যায়নি।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানলাম। এবিষয়ে আজই আমি এক্সচেঞ্জ এর সাথে আলোচনা করবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com