সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি। নিজস্ব প্রতিবেদক:: প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় আড়িয়র বিলের পানি ব্যবস্থাপনায় জন্য নবাবগঞ্জে প্রাথমিক পর্বে ৬টি খাল খননে চিহ্নিত করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি মেনে নেয়া হবে না।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নবাবগঞ্জ উপজেলা সভাকক্ষে খাল খনন প্রকল্প বাস্তবায়নে দ্বৈততা পরিহারে ৫টি দপ্তরের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এ মন্তব্য করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ ওমর, উপজেলা প্রকৌশলী মাসুদ করিম, দুর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, বিএডিসির প্রতিনিধি, বিআইডব্লিউটিএর প্রতিনিধি, কৃষি কর্মকর্তা আসমা জাহান, সকল দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান ও প্রশাসকসহ নানা অংশীজন।
সংসদ সদস্য আশফাক বলেন, দখল হওয়া খাল অবমুক্ত করে প্রকল্প নির্ধারণে দ্বৈততা পরিহার করতে হবে। খাল খননের মাধ্যমে উপজেলার প্রতিটি এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করা জরুরী। তিনি বলেন, বেশীরভাগ খাল দখল করে সেপ্টিট্যাংকি ও পারিবারিক ব্যবহারের রাস্তা পাকা করে কালভার্ট তৈরী করা হয়েছে। যারা এসব করেছে তাঁদের সাথে সমন্বয় করে দ্রুত অপসারণ করতে হবে। আড়িয়ল বিলের সাথে ইছামতী নদীর পানি ব্যবস্থাপনা সমন্বয় করতে আপাতত ৬টি খাল খননের চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছে। এসব খাল খননে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি।
সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে দেয়া এসব কাজের কোনো অনিয়ম ও অবহেলায় সময় ক্ষেপন করা যাবে না। দখল হওয়া এবং ভরাট করা সব খাল উদ্ধারে অভিযান চালাতে প্রশাসনের প্রতি তাগিদ দেন। অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ,পানি উন্নয়ন বোর্ড, কৃষি করপোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা ও এলজিইডি ৫৬টি খালের সমীক্ষা প্রকল্প পৃথকভাবে তুলে ধরেন। যাতে একই প্রকল্প একাধিক প্রতিষ্ঠানের তালিকায় না আসে সেই বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
একই দিন খন্দকার আবু আশফাক সন্ত্রাসী হামলায় আহত বিএনপির নেতা সাইফুল ইসলাম শিমুলকে দেখতে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এছাড়া সম্প্রতি বাগমারা বাজারে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান পরিদর্শণ ও ব্যবসায়ীদের সাথে সাক্ষাত করে তাঁদের সান্ত্বনা দেন। উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সহায়তার বিষয়েও খোঁজ খবর নেন তিনি।