শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর বলেছেন, আওয়ামী লীগ সরকারের পায়ের তলায় মাটি নেই। জনবিচ্ছিন্ন এ সরকার এখন পুলিশ দিয়ে ক্ষমতায় টিকে রয়েছে। আগামীতে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবেনা জেনে তারা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল দিয়েছে। বেগম খালেদা জিয়াকে জেল দিয়ে তারা আবারো ক্ষমতায় থাকতে চায়। আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ নেবে এবং বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসবে।
শনিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারীতে স্থানীয় বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বোয়ালমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি শেখ আফসারউদ্দিন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, সামসুদ্দিন মিয়া ঝুনু, মাহাবুবুর রহমান হেলাল, রাইসুল ইসলাম পলাশ, সাইফুর রহমান প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে দলীয় নেতা কর্মিদের নিয়ে মিছিল বের করতে চাইলে পুলিশী বাধায় তা করতে পারেনি।