মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

কেরানীগঞ্জে যানজট নিরসনে হকারদের নির্দিষ্ট জোনে স্থানান্তরের প্রস্তাব বিএনপি নেত্রীর

কেরানীগঞ্জে যানজট নিরসনে হকারদের নির্দিষ্ট জোনে স্থানান্তরের প্রস্তাব বিএনপি নেত্রীর

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জঃ

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী সড়কে দীর্ঘদিনের যানজট নিরসনে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে বসা ছিন্নমূল ব্যবসায়ীদের অন্যত্র স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায়।

মঙ্গলবার বিকেলে কদমতলী এলাকায় অবৈধ দোকানপাট ও গণপরিবহন স্ট্যান্ড উচ্ছেদ অভিযানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কদমতলী থেকে লায়ন শপার্স বিপণি বিতান এলাকা পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে প্রায় আড়াই শতাধিক দোকান বসেছে। পাশাপাশি গড়ে উঠেছে গণপরিবহনের অবৈধ পার্কিং স্ট্যান্ড। ফলে পথচারীদের ফুটপাত ছেড়ে মূল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রায় সারাদিনই যানজট লেগে থাকে। দুই মিনিটের পথ পেরোতে লাগে ২০ মিনিট। ঈদ মৌসুমে দুর্ভোগ বেড়েছে আরও।

কদমতলী এলাকার বাসিন্দা ফয়জুল হক বলেন, অভিযান চালালেও এর সুফল বেশিক্ষণ থাকে না। দেখা গেছে অভিযান চালিয়ে সড়ক ফাঁকা করলেও এক ঘন্টা পর পুনরায় তারা আগের অবস্থায় ফিরে এসেছে। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ না করলে জনসাধারণের ভোগান্তি কমবে না।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় সাংবাদিকদের বলেন, কদমতলী সড়ক দক্ষিণবঙ্গ ও দোহার-নবাবগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের রাজধানীতে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল থাকায় এখানে যানবাহনের চাপ বেশি। সড়ক দখল ও অবৈধ পরিবহন স্ট্যান্ডের কারণেই মূলত যানজট সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, ছিন্নমূল ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি ওয়ার্ডে তিনটি করে জোন নির্ধারণ করে সরকারি খাসজমিতে তাঁদের বসার ব্যবস্থা করা হবে।

অভিযানে উপস্থিত দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সকালে বিআরটিসির একাধিক বাস সড়কে পার্কিং করায় যানজট বাড়ে। একটি বাস গেলে আরেকটি এসে দাঁড়ায়। তাই ওই সময় সড়কে যানজট সৃষ্টি হয়। সড়কটি যানজটমুক্ত রাখতে পুলিশ নিয়মিত চেষ্টা করছে।

এ সময় নিপুন রায় ওসিকে উদ্দেশ্য করে বলেন, সড়কে অনিয়মের দায় এড়ানো যাবে না। কোনো দলীয় নেতা-কর্মী যদি অবৈধ দখলের সঙ্গে জড়িত থাকেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নির্দেশনা অনুযায়ী জনসাধারণের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক কার্যালয়ের পরিদর্শক মো. শাহিদ, উপপরিদর্শক ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আবু জাহিদ মামুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com