শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

কেরানীগঞ্জে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ ॥
ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে খোলা বাজারে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮২৩ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মফিজউদ্দিন মোল্লা (৭০) কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া ক্যাপ্টেন স্কুল মোড় এলাকার ‘মফিজউদ্দিন স্টোর’ এর স্বত্বাধিকারী।

বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) দুপুরে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া বলেন, বৈধ লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে মফিজউদ্দিন মোল্লা অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন। অভিযানে তাঁর দোকান থেকে ৮১৫ লিটার ডিজেল ও ৮ লিটার অকটেনসহ মোট ৮২৩ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দ করা জ্বালানি তেল পরবর্তীতে নুর ফিলিং স্টেশনের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

তিন আরও বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্যে বিক্রি রোধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ মজুদ, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com