শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ৩৮ কেজি গাঁজাসহ আটক ২

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে পুলিশ বাদী হয়ে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই ইয়াছিন আলী ও এএসআই মনজুরুল হকের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জকুরটল এলাকায় ফুলবাড়ী-বালারহাট সড়কে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে দুইটি মোটরসাইকেলে রাখা ব্যাগ থেকে ৩৮ কেজি গাঁজা জব্দ করে মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামের গোলাম মোস্তাফার ছেলে আব্দুল জলিল (৩৫) ও শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী বোর্ডেরহাট আব্দুল খালেকের ছেলে ছাইফুল ইসলাম বাবু (১৯)।

এবিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com