রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন এক নারী ও তার সন্তানের পাশে দাঁড়াল সদর থানা পুলিশ।
জানা গেছে, শনিবার (২৭ মার্চ) ভোররাতে কুড়িগ্রাম শহরের জয়বাংলা মোড়ে পরিত্যক্ত স্থানে মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্র সন্তান প্রসব করেন। স্থানীয়রা বিষয়টি নিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মা ও নবজাতককে গুরুত্বর অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই নারী তার নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। সে কয়েক বছর ধরে শহরের বিভিন্ন রাস্তা ও বাজারে অবস্থান করে আসছিলেন।
খবর পেয়ে শনিবার বিকেলে হাসপাতালে গিয়ে ওই মা ও শিশুর খোঁজ খবর নেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এসময় পুলিশ সুপার বলেন, শিশু ও মানসিক ভারসাম্যহীন নারীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে। এছাড়াও ওই নারীর পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, খবর পেয়ে মানসিক ভারসাম্যহীন নারী ও তার পুত্র সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারী ও শিশুটির সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মোকতার হোসেন জানান, শিশুটির ওজন এক কেজির একটু বেশি, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।