শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক দাখিল পরীক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী (দালালীটারী) গ্রামে ঘটনাটি ঘটেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, জনৈক দাখিল পরীক্ষার্থীর সাথে একই ইউনিয়নের দক্ষিন সোনাইকাজি গ্রামের খোশবর আলীর ছেলে ফরহাদ মিয়া চাঁদ (২১) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক চলাকালীন ফরহাদ মিয়া বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন জায়গায় ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ওই ছাত্রীর মা বাড়ীতে না থাকার সুবাদে ফরহাদ তার ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক আবারও তাকে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রী কান্নাকাটি করলে খুব শীঘ্রই তাকে বিয়ে করবে বলে জানায় ফরহাদ। ছাত্রীর কান্নার শব্দ ও দুজনের কথাবার্তায় আশপাশের লোকজন টের পেয়ে ফরহাদকে ওই ছাত্রীর ঘর থেকে হাতেনাতে আটক করে। ছেলে আটক হওয়ার খবর শুনে তার পরিবারের লোকজন এসে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক ফরহাদকে ছিনিয়ে নিয়ে যায়। পরে গত রবিবার ওই ছাত্রী নিজে বাদী হয়ে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন।

ওই ছাত্রীর মা জানান, ফরহাদ আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

এ ব্যাপারে ফরহাদ মিয়ার সাথে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় অভিযোগ পাওয়ায় বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com