শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিবর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর এলাকার আন্তর্জাতিক পিলার ১০৫৪-এর কাছে এ গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রৌমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শহিবর রহমান দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত এরাজ আলীর ছেলে। তিনি কাউনিয়ারচর গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে শহিবর রহমানসহ কয়েকজনের একটি দল সীমান্তে গরু চোরাচালানের উদ্দেশে যায়। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি ওই দলকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে বুকের বাঁ-পাশে গুলিবিদ্ধ হন শহিবর। পরে সাথের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে প্রাণ হারান শহিবর। শনিবার সকালে পুলিশ শহিবরের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়ন সদর দফতরের হাবিলদার সহকারী মুকিব জানান, শনিবার ভোর রাতে সীমান্তে তিন-চার রাউন্ড গুলির শব্দে সীমান্তের সংশ্লিষ্ট এলাকায় বিজিবি টহল দল নৌকা নিয়ে গিয়ে কাউকে দেখতে পায়নি। পরে স্থানীয়দের মারফত শহিবর রহমানের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশকে জানায় বিজিবি।

বিজিবি সদস্য মুকিব বলেন, ‘গুলির শব্দ শুনতে পেলেও বিষয়টি বিএসএফের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।’

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, নিহত শহিবরের পরিবারের দাবি, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিল। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com