সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ আরো অন্তত দুই জন আহত হয়েছেন।
১৩ আগস্ট, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি ইউনিয়নের আরডিআরএস বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর সমাজসেবা কর্মকর্তা আকবর হোসেন, তার স্ত্রী বিলকিস বেগম ও ছেলে বিল্লাল হোসেন। মৃত অপরজন প্রাইভেটকারটির চালক, তার নাম এখনো জানা যায়নি।
জানা গেছে, প্রাইভেটকারে করে সপরিবারে কুড়িগ্রামের এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন নরসিংদীর সমাজসেবা কর্মকর্তা আকবর হোসেন। পথে সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের আরডিআরএস বাজারে তাদের প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলেই আকবর হোসেন, তার স্ত্রী ও ছেলে মারা যান। সেখান থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পর প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। আহত মুজিবরের আরেক শিশু সন্তান ও গাড়ির হেলপার সেখানেই চিকিৎসাধীন আছেন।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে সদর থানার এসআই (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।