শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

কুড়িগ্রামে নিখোঁজের তিনদিন পর ধরলা নদী থেকে মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:: নিখোঁজের তিনদিন পর কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী থেকে আজগার আলী (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তি কুড়িগ্রাম সদর উপজেলা পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের বাসিন্দা।

শনিবার (২ এপ্রিল) দুপুরের দিকে স্থানীয় লোকজন নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এর আগে গত বৃহস্পতিবার ( ৩১ মার্চ) ওই ব্যক্তি চরে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে নিখোঁজ হয় বলে জানা গেছে।

নিহতের ছেলে আজিজুল হক জানান, আমার বাবা গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে গরুকে ঘাস খাওয়াতে বাহির হয়। পরে গরু বাড়িতে আসলেও আমার বাবা বাড়ি আসে নাই। পরে জানতে পারি চরের কিছু লোক বাবাকে সেদিন ডাং মাইর করেছে, এ বিষয়ে থানায় অভিযোগ করলে দু’জনকে আটক করে পুলিশ। তবে আজ নদীতে বাবার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িতে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ধরলা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com