শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে জন্ম নেওয়া দুই মাথাওয়ালা শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে সেকেন্দার-আফরোজা দম্পতির ঘরে দুই মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুটি মারা গেছে।

শনিবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নিজ বাড়িতে মারা যায় শিশুটি।

জানা গেছে, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম হয় ওই শিশুর। ৬ দিন পর গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) চিকিৎসা শেষে বাড়িতে আনা হয় শিশুটিকে।

পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শিশুর বাবা-মা। সেখানে সিজারের মাধ্যমে দুই মাথাবিশিষ্ট নবজাতকের জন্ম হয়। প্রথমে সুস্থ থাকলে দিন দিন বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু অর্থের অভাবে শিশুটিকে ঢাকায় আনা সম্ভব হয়নি। পরে শনিবার রাতে নিজ বাড়িতেই মারা যায় শিশুটি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ জানান, কনজয়েন টুইনয়ের কারণে এমন শিশু ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণে তা আলাদা হতে পারে না। এ কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এটি একটি ব্যয়বহুল চিকিৎসা। এ অস্ত্রোপচার করার মত সামর্থ্য সবার থাকে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com