শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনামঃ

কালীগঞ্জে গুলিবিদ্ধ মাদক বিক্রেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুুকযুদ্ধে’ মহুবর রহমান ওরফে ডাইল মহু (৫০) নামে এক মাদকবিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর ব্রীজ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। গুলিবিদ্ধ মহুবর রহমান উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার মন্ডল জানান, গোপন খবরের ভিত্তিতে কুখ্যাত মাদক বিক্রেতা মহুবর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। পরে মধ্যরাতে তার দেয়া তথ্যমতে বড় চালান উদ্ধারে তাকে সাথে নিয়ে তার মহাজন লতাবর গ্রামের মনিরের আস্তানায় অভিযান চালায় পুলিশ। বুঝতে পেয়ে মাদক ডন মনির ও তার বাবা মজিবরসহ ৮/১০ জন মাদক বিক্রেতা পুলিশের ওপর হামলা চালিয়ে মহুবরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ এক রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে মহুবর রহমানের বাম পায়ে লাগে। পরে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় মাদক বিক্রেতাদের হামলায় আহত হন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিষ্ণু দাস ও কনস্টবল শাহারুল ইসলাম। তাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মাদক বিক্রেতা মহুবর রহমান ওরফে ডাইল মহুর বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com