সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

এতিমের টাকা আত্বসাৎ করায় খালেদা জিয়ার জেল হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন খালেদা জিয়ার জেলে যাওয়ার পেছনে এ সরকারের কোনো হাত নেই। এতিমের টাকা আত্মসাৎ করার জন্য খালেদা জিয়াকে আদালত বিচারের মাধ্যমে সাজা দিয়ে জেলে পাঠিয়েছে। কিন্তু বিএনপি আওয়ামী লীগ সরকারের প্রতি দায় চাপাচ্ছে। এ মামলা আওয়ামী লীগ সরকার করেনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন অর্থ আত্মসাতের মামলা দায়ের করে। সেই মামলায় সাজা খাটছেন খালেদা।মহান মে দিবস উপলক্ষে শনিবার বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, বিএনপি এখন আন্দোলন-আন্দোলন খেলা খেলছে। তাদের আন্দোলনে কেউ সাড়া দেবে না। আন্দোলনে সাড়া দেওয়ার সময়ও নেই। জনগণ এখন নির্বাচনের মুডে আছে। আর বিএনপি ডাক দিচ্ছে আন্দোলনের। বিএনপি বলে বেড়াচ্ছে খালেদা জিয়াকে ছাড়া তারা নাকি নির্বাচনে যাবে না।তিনি বলেন, খালেদা জিয়াকে ছাড়ার এখতিয়ার তো শুধুমাত্র আদালতের। খালেদা জিয়া যদি উচ্চ আদালতে আপিল করেন আর উচ্চ আদালত নিম্ন আদালতকে নির্দেশ দেয়। তাহলে সাজা মওকুফের সুযোগ রয়েছে।স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রেই বিশ্বাস করে না। তাদের জন্ম ক্যান্টনমেন্টে। তাদের মুখে গণতন্ত্রের কথা ভুতের মুখে রাম নামের মতো শোনায়।
তিনি বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদের নির্বাচন হবে। আজ থেকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আপনারা ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইবেন। আগামী নির্বাচনে এ আসনটি আবারও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. আক্কাস হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ হোসেন মোল্লা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, আব্দুর রাজ্জাক মোল্লা, শহীদ হোসেন মোল্লা, এ এইচ এম ফোয়াদ, শওকত আলী জাহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com