শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

এক জমিতে বছরে চার ফসল

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত ধান চাষ করে একই জমিতে বছরে চার ফসল ঘরে তুলছেন মধুখালীর কৃষকরা। আগাম জাতের আমন ধান বিনা-১১ ও ৭ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন তারা। একই জমি থেকে বছরে চার ফসল ঘরে তুলতে পেরে তারা দারুণ খুশি।

মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাগাতি গ্রামের কৃষক মানিক বিশ্বাস চলতি আমন মৌসুমে এক একর জমিতে আবাদ করেছেন। এরমধ্যে ৪০ শতক জমিতে বিনা-১১ ও ৭ জাতের আমন ধানের আবাদ করেছেন। এরই মধ্যে আমন পেকে গেছে। তা ঘরে তুলতে ব্যস্ত তিনি।

মানিক বিশ্বাস জানান, এ ধান চাষ করে তিনি একই জমি থেকে চারটি ফসল ঘরে তুলতে পারছেন। সাধারণ জাতের আমন ধান না পাকলেও বিনা জাতের ধান কাটতে পারছেন। আগাম জাতের আমন ধান বিক্রি করে ভালো দাম পাবেন। এরপর তিনি বিনা জাতের সরিষার আবাদ করবেন। সরিষা কেটে অল্প সময়ের জন্য ওই জমিতে শাক করতে পারবেন। এভাবে একই জমিতে ৪ ফসল করে তারা লাভবান হচ্ছেন।

গাজনা এলাকার আবু বক্কার জানান, আগে যে জমিতে ২ ফসলের বেশি চাষ করা যেত না, সেখানে ৪টি ফসল করতে পারছেন। এই ক্ষেত্রে কর্মকর্তারা তাদের বীজ, সারসহ কারিগরি সহায়তা করছেন।

বিনার বিষয় মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল জানান, প্রকল্পের মাধ্যমে কৃষককে একই জমিতে ৪টি ফসল করার ক্ষেত্রে বিনার প্রযুক্তির মাধ্যমে সহায়তা করা হচ্ছে। স্বল্পকালীন আমন বিনা ১১ ও ৭ জাতের ধান আবাদের ফলে কৃষক দ্রুততম সময়ে আগাম জাতের ধান ঘর তুলতে পারছেন এবং এরপরই বিনার সরিষা আবাদ করে লাভবান হচ্ছেন। এরপর কৃষক অল্প সময়ের জন্য বিনার পাটশাক আবাদ করে বাজারে বিক্রি করে আবারও বোরো আবাদ করতে পারছেন তারা।

তিনি আরো জানান, জাতিসংঘের উন্নত অভীষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালকে সামনে রেখে দ্বিগুণ ফসল উৎপাদন করতে বিনার বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে বিনার প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা একই জমিতে ৪ ফসল ঘরে তুলছেন। এরফলে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে কৃষকের আয় বেড়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি আমন মৌসুমে উপজেলায় ৮ হাজার ৬৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাকলী খাতুন এ প্রতিনিধিকে জানান, মাঠে আগাম জাতের বিনার আমন ধান পাকতে শুরু করায় কৃষকরা ধান কাটতে শুরু করেছেন। আগাম জাতের ধান আবাদ করে কৃষকরা একদিকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অপরদিকে একই জমিতে বছরে ৪টি ফসল করতে পারছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com