সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এবারের ঘোষিত বাজেট বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বাজেট। এই বাজেট দেশের সর্ব স্থরের মানুষের কথা বিবেচনা করে করা হয়েছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা তার সফল ও দূরদর্শী নেতৃত্বে দেশকে উন্নত দেশে পরিণত করেছেন। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ফের ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।রবিবার বিকেলে শহরের বদরপুর এলাকার নিজ বাড়ি আফসানা মঞ্জিল চত্বরে মন্ত্রীর উদ্যোগে প্রায় বিশ হাজার আওয়ামীলীগের কর্মিদের জন্য আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার জামাতা ও স্থানীয় সরকার মন্ত্রীর ছেলে খন্দকার মাশরুর হোসেন মিতু, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খানঁ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবুল চন্দ্র সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর লাবু, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস এম খবিরুল ইসলাম, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ রাজ্জাক মিয়া, জেলা যুবলীগের আহবায়ক এস এম ফুয়াদ, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেসক্লাববের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।