বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: ঈদ যাত্রা নিরাপদ করতে লালমনিরহাট জেলা পুলিশ বিশেষ চেকপোষ্ট বসিয়ে যাত্রী ও চালকদের সচেতনতা বৃদ্ধি করছেন। জেলা শহরের বাস টার্মিনাল এবং পাটগ্রাম শহরের চৌরাঙ্গী মোড় ও সরকারী কলেজ গেটে করা হয়েছে বিশেষ চেকপোষ্ট ও সচেতনতা ক্যাম্প। এসব ক্যাম্পে বৈধ কাগজপত্রহীন যানবাহন আটকে দিয়ে মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ।
লালমনিরহাট ট্রাফিক বিভাগের সার্জেন্ট আল ফরিদ জানান, যানবাহনের ফিটনেস ও চালকদের বৈধ কাগজপত্র চেক করা হচ্ছে এসব চেকপোষ্টে। এ ছাড়াও দুর্ঘটনা এড়াতে চালক ও যাত্রীর মাঝে সচেতনা বাড়াতে ক্যাম্পেইন করা হচ্ছে। বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ঢাকা লালমনিরহাট মহাসড়কে চলা বরকত ট্রাভেলসের একটি, হানিফ পরিবহনের ২টি, রোজিনা পরিবহনের একটি ও তুনা পরিবহনের একটি বাস আটক করে মামলা দেয়া হয়েছে। গত ১৭ আগষ্ট শুরু হওয়া এ বিশেষ এ চেকপোষ্ট থাকবে আগামী ২৫ আগষ্ট পর্যন্ত।
ছাদে ও অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা না করতে, অপরিচিত কারো দেয়া খাবার না খেতে এবং অজ্ঞান পার্টি ও পকেটমার চক্র থেকে নিজেকে নিরাপদ রাখতে প্রতিটি বাসের যাত্রীর প্রতি আহবান জানানো হচ্ছে। এ ছাড়াও আসন্ন ঈদ যাত্রা নিরাপদ করতে শহরে গুরুত্ব পুর্ন স্থানে বসানো হয়েছে ট্রাফিক ব্যবস্থা। শহর ও কোরবানির পশুর হাটগুলোতে পুলিশী টহলও বৃদ্ধি করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, জনগনের নিরাপত্তা দেয়া পুলিশের গুরুত্ব একটি কাজ। যাত্রীদের নিরাপদে বাড়িতে পৌছতে জনসচেতনতা বাড়াতে পুলিশী টহল ও ট্রাফিক চেকপোষ্ট বাড়ানো হয়েছে। সড়কে জনদুর্ভোগ রোধে ট্রাফিক আইন মেনে চলতে এবং জননিরাপত্তায় পুলিশ সদস্যদের সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান তিনি।