মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধিঃঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
রবিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার জি এস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আইযুব আলী, এএসপি (বি সার্কেল) মোঃ শহীদ সোহরাওয়ার্দী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ আলম সুমন। এসময় অন্যানের মধ্যে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি ও কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনিছুর রহমান লাডলা, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও জেলা স্কাউটসের সম্পাদক মোজাম্মেল হক, লালমনিরহাট প্রেস ক্লাব সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু, সাধারন সম্পাদক আহমেদুর রহমান মুকুল, ভাদাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন, খোরশেদ হাসান, আলমগীর বাদশা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় কুড়িগ্রাম জেলা ফুটবল দল ৩-২ গোলে রাজশাহী ফুটবল দলকে হারায়। খেলার প্রথমার্ধে কুড়িগ্রাম দলের ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় বাবু গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষের দিকে রাজশাহীর ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় ম্যানুয়েল গোল করে সমতা আনেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই কুড়িগ্রাম দলের ১১ নম্বর জার্সিধারী খোলায়াড় ফেরদৌস একাই পর পর দুটি গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন। খেলার শেষ মিনিটে রাজশাহী দলের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় কলিন গোল করলেও দলের হার ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত কুড়িগ্রাম দলের কাছে ৩-২ গোলে পরাজিত হয় রাজশাহী।
টুর্নামেন্টে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, নীলফামারী, রাজশাহী, আদিতমারী, কুড়িগ্রাম ফুটবল দল অংশ নিচ্ছে।