সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ আহালু মিয়া (৪০) নামে এক মাদকবিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানা অফিসার ইনচার্জ( ওসি তদন্ত) সাইফুল ইসলাম।
এর আগে ভোরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের বিড়ানী রেলগেট এলাকায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গুলিবিদ্ধ আহালু মিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা গ্রামের আবুল হোসেনের ছেলে।
আদিতমারী থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, একটি মাদক পাচারকারী চক্র ভারতীয় সীমান্ত থেকে মাদক নিয়ে মোটর সাইকেলে ফিরছে এমন একটি গোপন খবরে ভেলাবাড়ি ইউনিয়নের কালিরহাট ব্রীজ এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এ সময় মোটর সাইকেলসহ আহালুকে আটক করে তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এরপর তার দেয়া তথ্যমতে শুক্রবার ভোর রাতে তাকে নিয়ে পুনরায় অভিযান চালালে সাপ্টিবাড়ি বিরানী রেলগেট এলাকায় আহালুর সহযোগিরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।
এসময় পুলিশ চার রাউন্ড রাবার বুলেটের গুলি ছুড়লে আহালুর দুই পায়ে লেগে আহত হন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে গ্রেফতার আহালুর আরো ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান, কনস্টবল নাজিরুল ইসলাম ও আব্দুল আলিম আহত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। গ্রেফতার আহালুর বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে থানা পুলিশ।