রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাট জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজ বুধবার। সম্মেলনকে ঘিরে গোটা জেলা ব্যাপী নেতাকর্মীদের মাঝে আনন্দ এবং উৎসবের আমেজ বিরাজ করছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) জেলা পরিষদ মিলনায়তন মাঠে ত্রি-বার্ষিক এ সম্মেলনে কেন্দ্রীয় আ’লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জেলা আ’লীগের নেতারা নিশ্চিত করেছেন।
এরই মধ্যে সম্মেলন সফল করতে রাত অবদি মিছিল শ্লোগানে মুখোরিত হয়ে উঠেছে শহরের অলি গলি। প্রতিদিন মটরসাইকেল নিয়ে মহরা চালাচ্ছেন নেতাকর্মীরা। ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে গোটা জেলা শহর। সম্মেলনকে কেন্দ্র করে হাট বাজার ও রেস্টুরেন্ট গুলোতে জমে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। পুরাতনদের নাকি নতুনদের নিয়ে চ্যালেঞ্জ জানাবে আ’লীগ সেটা নিয়েই চলছে আলোচনা সমালোচনা। সবার দৃষ্টি এখন সভাপতি ও সাধারন সম্পাদক পদে, এমনই প্রশ্ন এখন হাজারো জনমনে।
নতুন কমিটির সভাপতি হিসেবে বর্তমান সভাপতি মোতাহার হোসেন এমপি, সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, সাবেক সম্পাদক নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা এবং সম্পাদক পদে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের নাম শোনা যাচ্ছে নেতাকর্মীদের মুখে। তবে ভোটের মাধ্যমে ত্যাগীদের মূল্যায়ন করে একটি সুন্দর এবং নতুনদের নিয়ে একটি কমিটি গঠিত হবে বলে আশা করছেন তৃণমূল আওয়ামী লীগ। জেলার ৫টি উপজেলা ও দুই পৌরসভার মধ্যে তিনটি উপজেলা এবং একটি পৌরসভায় নতুন কোনো সম্মেলন হয়নি। তাই আদিতমারী, কালীগঞ্জ ও সদর উপজেলা এবং লালমনিরহাট পৌরসভার পুরাতন কমিটির নেতাকর্মীরা নতুন এ সম্মেলনে কাউন্সিলর হিসেবে অংশ গ্রহণ করবেন। শুধুমাত্র পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা এবং পাটগ্রাম পৌরসভায় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। ফলে নতুন-পুরাতন মিলে কাউন্সিলর থাকছে এ ত্রি-বার্ষিক সম্মেলনে।
এ দিকে সম্মেলন সফল করতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। সম্মেলন সফল করতে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়েছে। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। সম্মেলন স্থলে সাজানো হয়েছে বিশাল মঞ্চ। আগত নেতাকর্মীদের বসার জন্য রাখা হচ্ছে প্রায় ৫ হাজার আসন। এ ছাড়াও ১০ হাজার মানুষের সমাগাম ঘটানোর টার্গেট জেলা আওয়ামী লীগের। সম্মেলনের যোগ দিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা লালমনিরহাটে পৌছুছেন। তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে সার্কিট হাউস। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধানবক্তা হিসেবে থাকবেন দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সম্মেলন সঞ্চলনার দায়িত্ব পালন করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।
সম্মেলনকে ঘিরে জেলা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্মেলন স্থলের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মঙ্গলবার রাত থেকেই মোতায়েন রাখা হয়েছে। একই সঙ্গে পৌর আওয়ামী লীগ সম্মেলনে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেছেন জেলা আ’লীগের একটি সুত্র। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাখওয়াত হোসেন সুমন খাঁন বলেন, ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলন মঞ্চে ৫ হাজার আসনের ব্যবস্থা করা হলেও ১০ হাজারের অধিক লোকের সমাগম ঘটবে। সব নেতাকর্মীর সমোঝাতায় নতুন কমিটি না হলে দুই শতাধিক কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হবে। অতিথি তথা কেন্দ্রীয় নেতাদের অনেকেই মঙ্গলবার রাতেই পৌছুছেন।
জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন বলেন, এবারের লালমনিরহাট জেলা আ’লীগের সম্মেলন ইতিহাসে নজির হয়ে থাকবে। সর্বোচ্চ জনসমাগম ঘটবে সম্মেলনে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, সর্বোচ্চ জনসমাগমের মধ্যদিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের অনেকেই রাতের মধ্যে লালমনিরহাট পৌঁছাবেন বলেও জানান তিনি।