রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদন্ড

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের আদিতমারীর ৩টি পয়েন্টে অবৈধভাবে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হামিদুল হক (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।
সাজাপ্রাপ্ত হামিদুল হক লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা, ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী ও কমলাবাড়ি ইউনিয়নের হাজিগঞ্জ গ্রামে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এমন খবরের ভিত্তিতে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন থানা পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উত্তর গোবদা গ্রামে মেশিন চালানোর সময় হাতেনাতে হামিদুল হককে আটক করে এক মাসের বিনাশ্রম কারান্ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর পর ভেলাবাড়ি ফলিমারী ও কমলাবাড়ির হাজিগঞ্জে অভিযান চালালে বালু উত্তোলনকারী চক্রটি ড্রেজার মেশিন ফেলে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুইটি মেশিনসহ পাইপ ভেঙে গুড়িয়ে দেয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত হামিদুলকে সন্ধ্যার পর পরই লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে দিয়ে বালু উত্তোলনের মেশিন ও পাইপ ভেঙ্গে দেয়া হয়েছে। তিনি আরো জানান, কোনভাবে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com