শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কঠোর কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং সন্ধ্যা ৬টার পর দেশের সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখতে হবে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) রাতে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সচিব জানান, প্রধানমন্ত্রী নিরবচ্ছিন্নভাবে দীর্ঘ ১৮ ঘণ্টা কাজ করছেন; যাতায়াতের সময় সাশ্রয় ও যানজট এড়াতে সংসদ ভবনেই এই বৈঠকের আয়োজন করা হয়।
অফিস ও ব্যাংকের নতুন সময়সূচি
আগামী কার্যদিবস থেকে সব সরকারি ও বেসরকারি অফিসের সময় ১ ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংক লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষে বিকেল ৪টার মধ্যে ব্যাংক বন্ধ করতে হবে।
বাজার ও বিপণিবিতান
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর থেকে সব ধরনের মার্কেট, দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি কঠোরভাবে তদারকি করবে।
শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনা দেবে, যা রবিবার থেকে কার্যকর হতে পারে। শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে এবং যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ‘ইলেকট্রিক বাস’ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগে অংশগ্রহণকারী স্কুলগুলো বিশেষ সুবিধা পাবে। এছাড়া বাণিজ্যিক ক্ষেত্রেও ইলেকট্রিক বাস আমদানির শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে, তবে কোনো পুরোনো বাস আমদানি করা যাবে না।
ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন
সরকারের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী তিন মাস পর্যন্ত সরকারি কোনো নতুন গাড়ি (সড়ক, নৌ বা আকাশযান) এবং কম্পিউটার সামগ্রী কেনা যাবে না। সরকারি কর্মকর্তাদের সব বিদেশ ভ্রমণ এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি সভা-সেমিনারের আপ্যায়ন খরচও অর্ধেক করার নির্দেশ দেওয়া হয়েছে।
আলোকসজ্জায় নিষেধাজ্ঞা ও অন্যান্য
জ্বালানি সংকটের এই সময়ে কোনো ধরনের বেসরকারি বিয়ে বা সামাজিক উৎসবে আলোকসজ্জা করা যাবে না। এছাড়া বৈঠকে ‘পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে, যার মাধ্যমে পাবলিক পরীক্ষায় অপরাধের বিচার আরও কঠোর হবে।
জ্বালানি সরবরাহ ও ভর্তুকি
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহ লাইন কিছুটা অনিরাপদ হয়ে পড়ায় বিকল্প হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। সচিব জানান, সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখবে এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।