বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

‎‎লালমনিরহাট প্রতিনিধি ॥
‎লালমনিরহাটে একটি আদর্শ ও অপরাধমুক্ত ‘আলোকিত লালমনিরহাট’ গঠনের লক্ষ্যে ওয়ার্ড ও ইউনিয়ন সামাজিক অপরাধ পর্যবেক্ষণ ও তদারকি কমিটির অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (০৫ জুন) লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নে বিকেলে ও সন্ধ্যায় পৃথক দুটি স্থানে এই সভার আয়োজন করা হয়।

‎​শুক্রবার বিকেলে সদর উপজেলার খুনিয়াগাছ এস সি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘আলোকিত লালমনিরহাট, খুনিয়াগাছ ইউনিয়ন শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোনীত দাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ফজলুর রহমান নাজমুল, খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আওরঙ্গজেব লিটন এবং খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খাইরুজ্জামান মন্ডল বাদল।

‎আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম পাটোয়ারী (সাজু) এবং লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদ আহাম্মেদ।

‎​এর আগে বিকেলে রাজপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একই লক্ষ্য ও উদ্দেশ্যে আরেকটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। রাজপুর ইউপি বিএনপির সভাপতি মাহফুজার রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

‎​সভায় বক্তারা সমাজ থেকে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দূরীকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সামাজিক অপরাধ পর্যবেক্ষণ ও তদারকি কমিটির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

‎বক্তারা আশা প্রকাশ করেন, তৃণমূল পর্যায়ের এই কমিটির জোরালো নজরদারির মাধ্যমে সামাজিক অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ‘আলোকিত লালমনিরহাট’ গড়ে উঠবে। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com