শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

অকারণে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়নি: কুড়িগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘অহেতুক কারনে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়নি। তারা হামলা, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলো বলেই মামলা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁছগাছী ইউনিয়নে ধরলা ব্রিজের পূর্বপ্রান্তে র‍্যাব-১৩ এর আয়োজনে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, র‍্যাব অপরাধ দমনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেই বাংলাদেশের সব যায়গায় আজকে শান্তির সুবাস বইছে। র‍্যাব মানবিক কাজে আরও এগিয়ে আসবে। এছাড়াও প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রসংশা করেন তিনি। সীমা‌ন্তে হত্যা ব‌ন্ধে গৃহীত উ‌দ্যোগ প্রস‌ঙ্গে মন্ত্রী ব‌লেন, ‌‘দুই দে‌শের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যা‌য়ে এবং বি‌জি‌বি-বিএসএফ পর্যা‌য়ে আ‌লোচনা হ‌য়ে‌ছে। সিদ্ধান্তটা হয়েছে, সীমান্ত হত্যা বন্ধ হ‌বে এবং লেথাল আর্মস ব্যবহার করা হ‌বে না। তারপরও মা‌ঝে মা‌ঝে কিছু ঘটনা ঘ‌টে যায়। এই ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সবাই আন্তরিক।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন র‍্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল কে এম আজাদ, র‍্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ আল-মামুন, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনের চার সাংসদ, কুড়িগ্রাম পৌর মেয়র, সদর উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা সহ র‍্যাবের কর্মকর্তাবৃন্দ।

র‍্যাবের মহাপরিচালক জনাব আব্দুল্লাহ আল-মামুন তার বক্তব্যে বলেন, র‍্যাবের আন্তরিকতার বন্ধনকে সুদৃঢ় করার জন্য আমরা এখানে এসেছি।

শীতবস্ত্র পাওয়া ধরলা পাড়ের বাসীন্দা আজিজুল হক জানান, সবাই অন্য জায়গায় কম্বল নিয়ে যায় বিতরণের জন্য। কিন্তু র‍্যাব আমাদের কথা ভেবেছে। কম্বল পেয়ে উপকার হলো আমাদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com