সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সাহিত্য ও শিক্ষাঙ্গন ডেস্ক:: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বয়সসীমা ৩৫ বছর চূড়ান্ত করে এমপিও নীতিমালা-২০১৮ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ১২ জুন স্বাক্ষরিত নীতিমলাটি আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা হয়।
মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাধ্যমিক) সালমা জাহান জানান, এমপিও নীতিমালা জারি করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিয়োগের বয়সসীমা ৩৫ বছরই থাকছে। ঈদের পর এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হবে। তারপর তা নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা যাচাই-বাছাই করে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে।
জারি করা নীতিমালায় বলা হয়েছে, ৩৫ বছরের অধিক বয়সী কেউ এ ধরণের প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন না। পাশাপাশি শিক্ষকদের অবসরের বয়স হবে ৬০ বছর। ৬০ বছর পূর্ণ করা কাউকে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান বা সাধারণ শিক্ষক পদে পুনঃনিয়োগ বা চুক্তিভিত্তিক নিয়োগ করা যাবে না।
নীতিমালায় শিক্ষকের এমপিওভুক্তির জন্য শিক্ষাগত যোগ্যতা, নিয়োগে স্বচ্ছতা, নিয়োগের প্রাথমিক বয়স, অবসরের বয়সসীমাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ারও শর্ত রয়েছে। আর প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হলে শিক্ষকও এমপিওর জন্য বিবেচিত হবেন না, এমন বিধান রাখা হয়েছে।